শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ০৪:৩০ পিএম

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার সকালে বগুড়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে এই ঘোষণা দেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

মূলত হলফনামায় দেওয়া তথ্যে অসামঞ্জস্যতা ও গরমিল পাওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়। মাহমুদুর রহমান মান্নার মতো একজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার সংবাদে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিন কেবল মান্না নন, একই আসনের জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্দার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

এর আগে সকালে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের প্রার্থী শাহজাদী আলম লিপির মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের তথ্যাদি গভীরভাবে যাচাই করা হচ্ছে।

তবে আইন অনুযায়ী মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। বর্তমানে জেলা কার্যালয়ে অন্যান্য আসনের প্রার্থীদের যাচাই-বাছাই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।