শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

মনোনয়ন বৈধ হওয়ার পর যা জানালেন সালাহউদ্দিন আহমেদ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ০৭:০০ পিএম

মনোনয়ন বৈধ হওয়ার পর যা জানালেন সালাহউদ্দিন আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রার্থিতা বৈধ হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালাহউদ্দিন আহমেদ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন যে একটি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হওয়াটাই জনগণের প্রধান আকাঙ্ক্ষা। এই লক্ষ্য অর্জনে তিনি নির্বাচন কমিশন ও সরকারকে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান।

বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় কক্সবাজার-১ আসনে মোট পাঁচজন প্রার্থীর মধ্যে দুইজনের প্রার্থিতা অবৈধ ঘোষিত হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। এর ফলে সালাহউদ্দিন আহমেদ ছাড়াও এই আসনে জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুক ও গণঅধিকার পরিষদের আব্দুল কাদেরের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ তার সংক্ষিপ্ত ব্রিফিংয়ে নির্বাচনী মাঠে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের অনুরোধ করেন। তিনি মনে করেন দেশের মানুষ এখন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে।এর আগে শুক্রবার দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান বিএনপির এই শীর্ষ নেতা। কক্সবাজারে পৌঁছেই তিনি স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং সম্প্রতি প্রয়াত সাংবাদিক আনসার হোসেনের শিশুপুত্রের কবর জিয়ারত করেন।

পরে শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান। নির্বাচনী লড়াইয়ে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমেদ দলীয় নেতাকর্মীদের নির্বাচনী মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেন। তিনি বিশ্বাস করেন একটি অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণের মাধ্যমেই শহীদদের রক্তের মর্যাদা রক্ষা হবে এবং দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।