বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

নাটোর আঞ্চলিক মহাসড়কে ককটেল-পেট্রলবোমা উদ্ধার

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ১১:২০ পিএম

নাটোর আঞ্চলিক মহাসড়কে ককটেল-পেট্রলবোমা উদ্ধার

নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমাড়ি এলাকায় নাশকতার চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। শুক্রবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে মহাসড়কে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৫টি ককটেল ও ৫টি পেট্রলবোমা উদ্ধার করে।

এ সময় সেখান থেকে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছবি সম্বলিত একটি ব্যানারও উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, মহাসড়কে অগ্নিসংযোগ করে ‘জয়বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।

পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেলেও ফেলে যাওয়া বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এলাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনায় এই কর্মকাণ্ড চালানো হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

ওসি আরও জানান, একটি নির্দিষ্ট গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে। উদ্ধারকৃত আলামতের সূত্র ধরে জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।