মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশুকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৬, ০৪:১৩ পিএম

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশুকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্ত থেকে ছুটে আসা গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, সোমবার বিকেল ৪টার মধ্যে শিশুটিকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

 মাথায় গুলিবিদ্ধ হুজাইফার অবস্থা সংকটাপন্ন হওয়ায় মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুনুর রশিদ জানান, নিউরো সার্জারির বিশেষজ্ঞ দল শিশুটির মাথায় অস্ত্রোপচার পরিচালনা করেছেন।

 তবে গুলিটি মাথার এত গভীরে এবং এমন একটি সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ স্থানে আটকে আছে যে, তা বের করা সম্ভব হয়নি। অস্ত্রোপচারের মাধ্যমে কেবল ক্ষতস্থান পরিষ্কার করা হয়েছে। গুলি বের করতে গেলে বড় ধরনের মস্তিষ্কের ক্ষতির আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং এলাকার তেচ্ছা ব্রিজের কাছে বাড়ির পাশে খেলার সময় বা অবস্থানকালে মিয়ানমার দিক থেকে আসা গুলিতে বিদ্ধ হয় হুজাইফা।সে স্থানীয় মাছ ব্যবসায়ী জসিম উদ্দিনের বড় সন্তান।হুজাইফা স্থানীয় হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।সীমান্ত পরিস্থিতির কারণে টেকনাফের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, যার সর্বশেষ নির্মম শিকার হলো এই শিশুটি।