শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মদ উদ্ধার

মো:মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০১:৪৮ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মদ উদ্ধার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ৪২ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ ফকিরগঞ্জ বিওপি’র একটি টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়। 

অভিযানকালে পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৪১/৭-এস এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে উপদইল গ্রামের একটি ভুট্টাক্ষেতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ৫০০ টাকা।

বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত মাদকদ্রব্য নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। মাদক কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।