ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৫:৩১ পিএম
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে আট দিনব্যাপী `ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা` শুরু হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। ভাষা আন্দোলনের বীর সন্তানদের স্মৃতি স্মরণে আয়োজিত এই মেলায় স্থানীয় প্রকাশনী ও বইপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারের বইমেলায় মোট ২১টি স্টলে বিভিন্ন প্রকাশনী তাদের বই প্রদর্শন ও বিক্রির সুযোগ পেয়েছে। মেলা প্রাঙ্গণ বইপ্রেমীদের আগমনে মুখরিত হয়ে ওঠে।
বইমেলার উদ্বোধনের পর পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বক্তব্য রাখেন।
এছাড়াও পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সদস্য ও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার আলোচনায় অংশ নেন। বক্তারা বিদেশী ভাষার অন্ধ অনুকরণ পরিহার করে দৈনন্দিন জীবনে মাতৃভাষার সঠিক ও শুদ্ধ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।আলোচনা সভায় বক্তারা পঞ্চগড়ের কৃতি সন্তান ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদিরের বীরত্বগাথা স্মরণ করে বলেন, তারা নিজেদের জীবন বাজি রেখে মাতৃভাষার মর্যাদা রক্ষায় লড়াই করেছিলেন।
নতুন প্রজন্মকে এই দুই মহান ভাষা সৈনিকের সঠিক ইতিহাস জানতে বেশি বেশি বই পড়ার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আগামী আট দিন মেলা প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিরও পরিকল্পনা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন