মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

ডিপো থেকে মিলছে না তেল পঞ্চগড়ে বন্ধ অধিকাংশ পাম্প

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৪, ২০২৬, ০৮:৩৮ পিএম

ডিপো থেকে মিলছে না তেল পঞ্চগড়ে বন্ধ অধিকাংশ পাম্প

তেলের জন্য পাম্পে দীর্ঘ সারি -ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগে থেকে শুরু হওয়া এই অচলাবস্থা ঈদের পরেও অব্যাহত থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জেলার অধিকাংশ ফিলিং স্টেশন পার্বতীপুর ডিপো থেকে চাহিদামতো জ্বালানি না পেয়ে পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। 

বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রতিদিন পর্যায়ক্রমে মাত্র এক থেকে দুটি ফিলিং স্টেশনে সামান্য পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। এই সীমিত পরিমাণ জ্বালানি নিয়ে গ্রাহকদের সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন পাম্প কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা গেছে, জেলায় ডিজেলের সরবরাহ কিছুটা স্বাভাবিক থাকলেও মোটরসাইকেলের প্রধান জ্বালানি পেট্রোল ও অকটেনের চরম সংকট চলছে। প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে চালকরা এক ফিলিং স্টেশন থেকে অন্য স্টেশনে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। 

কোথাও তেল আসার খবর পাওয়া মাত্রই সেখানে শত শত মোটরসাইকেল আরোহী ভিড় জমাচ্ছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর অনেক ক্ষেত্রে মাত্র ১০০ টাকার জ্বালানি মিলছে। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।পঞ্চগড় জেলা শহরের চাল ব্যবসায়ী আব্দুর রশিদ নিজের ভোগান্তির কথা জানিয়ে বলেন, মোটরসাইকেলে জ্বালানি না থাকায় দোকান বন্ধ রেখে তিনি পাম্পে গিয়েছিলেন। সেখানে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পরও তেল না পেয়ে ছেলেকে মোটরসাইকেলসহ রেখে আসেন। 

দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর মাত্র ১০০ টাকার পেট্রোল পেয়েছেন তিনি। এই সামান্য তেলে মাত্র একদিন চলা সম্ভব হবে জানিয়ে তিনি পরবর্তী দিনগুলো নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন।পঞ্চগড় ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আবু হিরণ জানান, গত সোমবার পার্বতীপুর ডিপোতে দুটি তেলের লরি পাঠানো হয়েছিল। তবে ডিপো কর্তৃপক্ষ দুটি লরিতেই শুধু ডিজেল সরবরাহ করেছে। 

তারা নিয়মিত পেট্রোল ও অকটেনের জন্য যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। চাহিদামতো জ্বালানি সরবরাহ পাওয়া গেলে স্থানীয় পর্যায়ে এই সংকট দ্রুত কেটে যাবে এবং বিক্রি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মূলত পার্বতীপুর ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় পুরো জেলায় এই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।