এপ্রিল ২, ২০২৬, ১১:৩৮ পিএম
পঞ্চগড়ের বোদা উপজেলায় দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবন শেষে এক অনন্য বিদায় সংবর্ধনা পেলেন মো. বেলাল হোসেন। বড়শশী মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সিনিয়র সহকারী শিক্ষককে গত বৃহস্পতিবার তাঁর শেষ কর্মদিবসে ফুলের মালা পড়িয়ে মাইক্রোবাসে করে সসম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রাক্তন শিক্ষার্থীরা মিলে এই ব্যতিক্রমী বিদায়ের আয়োজন করেন। বিকেলে যখন তাঁকে মাইক্রোবাসে তুলে দেওয়া হচ্ছিল, তখন স্কুল প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক বেলালের এই বিদায়বেলায় অনেক শিক্ষার্থী ও সহকর্মীকে চোখের জল মুছতে দেখা গেছে।
জানা গেছে, ১৯৯২ সালে তিনি নিজের জমি দান করে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে তিনি এই প্রতিষ্ঠানেই সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। নিজের হাতে গড়া বিদ্যালয় থেকে বিদায় নেওয়ার মুহূর্তটি ছিল তাঁর জন্য অত্যন্ত আবেগের।
বিদায় সংবর্ধনা উপলক্ষে দুপুরে স্কুল মাঠে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। বড়শশী ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আজমল আজাদ এবং রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর এ কে এম সারওয়ার জাহান আহমেদী।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষক বেলাল হোসেনের দীর্ঘ কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, বরং মানুষ গড়ার কারিগর হিসেবে আমৃত্যু সমাজকে আলো দিয়ে যান। বেলাল হোসেন নিজের জমি দান করে শিক্ষার যে প্রদীপ জ্বালিয়েছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিদায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক মাহবুব আলম সরকার, বড়শশী ইউনিয়ন বিএনপির সভাপতি গজনফর আলী কামাল এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে তাঁকে সসম্মানে তাঁর নিজ বাসভবনে পৌঁছে দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন