এপ্রিল ৭, ২০২৬, ০৮:২৫ পিএম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রীসহ চারজন সিনিয়র নেতার নামে ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মামুন ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মামুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহাম্মেদ, এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নামে অশালীন ও ব্যঙ্গাত্মক কার্টুনসহ বিভিন্ন আপত্তিকর ছবি প্রচার করে আসছিলেন দীর্ঘদিন ধরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে এমন নেতিবাচক কর্মকাণ্ড পরিচালনা করায় স্থানীয় পর্যায়ে ক্ষোভের সৃষ্টি হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পীরগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক উম্মে কুলসুম এবং যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযোগের সত্যতা যাচাই করে পুলিশ দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করে এবং অভিযুক্ত যুবককে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃতি ও মানহানিকর পোস্ট দেওয়ার অপরাধে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় এই গ্রেফতারের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো বা রাষ্ট্রীয় পদমর্যাদার ব্যক্তিদের নিয়ে যেকোনো ধরনের উসকানিমূলক ও মানহানিকর কার্যক্রম বন্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে। ডিজিটাল নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন