বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে মঙ্গল শোভাযাত্রায় ১৪৩৩ বঙ্গাব্দ বরণ

আবু সালেহ মোঃ রায়হান

এপ্রিল ১৪, ২০২৬, ১১:৩১ এএম

পঞ্চগড়ে মঙ্গল শোভাযাত্রায় ১৪৩৩ বঙ্গাব্দ বরণ

পঞ্চগড়ে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা -ছবি-দিনাজপুর টিভি

বাঙালি জাতিসত্তার প্রধান উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে এই আয়োজন করা হয়। এদিন জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয় যা উৎসবের আমেজ ছড়িয়ে দেয় শহরজুড়ে।

শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অডিটোরিয়াম চত্বরে স্থানীয় শিল্পীদের পরিবেশনা আগত দর্শকদের মুগ্ধ করে।

এ সময় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন এবং পুলিশ সুপার রবিউল ইসলাম উপস্থিত থেকে কর্মসূচির নেতৃত্ব দেন। শোভাযাত্রায় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। 

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ নিজ ব্যানারসহ এই উৎসবে যোগ দেন। সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আয়োজনটি জনসমুদ্রে পরিণত হয়।উৎসবের অন্যতম আকর্ষণ ছিল শিশু ও কিশোর-কিশোরিদের রঙিন উপস্থিতি। তারা বিভিন্ন বৈশাখী সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেয়। শিশুদের পোশাকে ও সাজসজ্জায় আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির প্রতিফলন ফুটে ওঠে।

অন্যদিকে নববর্ষের এই সার্বজনীন উৎসবকে ঘিরে পুরো জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসবস্থল ও এর আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের এই যৌথ তৎপরতা জনমনে স্বস্তি নিশ্চিত করেছে। নববর্ষের এই আনন্দ উৎসব বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়।