এপ্রিল ১৪, ২০২৬, ১১:৩৫ পিএম
কৃষকের উন্নয়ন এবং ফসলের উৎপাদন বৃদ্ধিতে সরকার প্রয়োজনে ভর্তুকি দেবে বলে জানিয়েছেন শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে প্রান্তিক কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়।
মৌলভীবাজারের জুড়ী অঞ্চলে কৃষি বিপ্লব ঘটানোর স্বপ্ন ব্যক্ত করে শ্রমমন্ত্রী বলেন, “এ এলাকায় প্রচুর পরিমাণে মিষ্টি লাউ, তরমুজ ও লেবুজাতীয় ফসল উৎপাদিত হয়। আপনাদের এই উৎপাদন আরও বাড়াতে হবে, যাতে পুরো সিলেট বিভাগের বাজার এই জুড়ীর ফসলে ভরে ওঠে।
সরকার আপনাদের সব ধরনের সহযোগিতা করবে।” তিনি আরও জানান, মাটি পরীক্ষা করে উৎপাদন বাড়ানোর জন্য ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার চায় জুড়ীকে বাংলাদেশের একটি অন্যতম কৃষি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে, যেখানে প্রধানমন্ত্রী এসে স্বয়ং কৃষি বিপ্লবের ঘোষণা দিতে পারেন।
কৃষি উন্নয়নের পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বড় ঘোষণা দেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বর্তমানে বিদেশে দক্ষ কৃষকের ব্যাপক চাহিদা রয়েছে। তবে কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া কাউকে বিদেশে পাঠানো হবে না। এর জন্য জুড়ীতে একটি বিশেষ ট্রেনিং সেন্টার খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেন্টারে শুধু কৃষির ওপর প্রশিক্ষণ দিলেই হবে না, বরং বিভিন্ন দেশের ভাষা শেখার কোর্সও অন্তর্ভুক্ত করা হবে। মন্ত্রী আফসোস করে বলেন, “এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে যদি এ অঞ্চলের মানুষ প্রশিক্ষিত হয়ে বিদেশে যেতে না পারে, তবে মন্ত্রী হিসেবে আমার আক্ষেপ থেকে যাবে।”
বিদেশে যাওয়ার ক্ষেত্রে অবৈধ পথ পরিহার করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, যারা দেশে অবৈধ আদম ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ যাতে আদম ব্যাপারীর খপ্পরে না পড়েন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে মন্ত্রী জুড়ী উপজেলার ৮১৯ জন ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের কৃষক-কৃষাণীর মাঝে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড তুলে দেন। এই কার্ডের মাধ্যমে কৃষকরা এখন থেকে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রণোদনা সরাসরি ভোগ করতে পারবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন