শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লা‍‍`শ, গণপি‍‍`টুনিতে নি‍‍`হত দুই ভাই

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৬, ০৩:০০ পিএম

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লা‍‍`শ, গণপি‍‍`টুনিতে নি‍‍`হত দুই ভাই

ঘটনাস্থলে পুলিশ ও উৎসুক জনতা

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের জের ধরে উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের গণপিটুনিতে সন্দেহভাজন দুই সহোদর নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় এই রক্তক্ষয়ী ও মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাটিপাড়া ইউনিয়নের বাসিন্দা দুদুল মিয়ার মেয়ে আতিকা বৃহস্পতিবার বিকেলে হঠাৎ নিখোঁজ হয়। বিকেল আনুমানিক ৫টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এলাকায় মাইকিং করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি প্রচার করা হয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর রাত ১০টার দিকে বাড়ির কাছের একটি ভুট্টাক্ষেতে শিশুটির হাত-পা বাঁধা নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

এই খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতিকার কানে থাকা স্বর্ণের দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যেই তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছিল।এদিকে শিশু আতিকার মরদেহ উদ্ধারের পর এই ঘটনার সাথে জড়িত সন্দেহে স্থানীয়রা তিনজনকে আটকে করে বেধড়ক মারধর শুরু করেন। উত্তেজিত জনতার গণপিটুনিতে পান্নু মিয়া নামে এক অটোচালক এবং তার আপন ছোট ভাই ফজলু নিহত হন। 

এই ঘটনায় পান্নু মিয়ার ছেলে নাজমুল গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পাওয়ার পরপরই মানিকগঞ্জ সদর থানা পুলিশের একটি বড় দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহগুলো উদ্ধার করে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও উল্লেখ করেন, শিশু হত্যার পেছনের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। একই সাথে আইন নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনির মাধ্যমে দুইজনকে হত্যার ঘটনায়ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান। এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় বনপারিল এলাকায় চরম থমথমে অবস্থা বিরাজ করছে।