এপ্রিল ২০, ২০২৬, ০৮:৫৭ পিএম
পঞ্চগড়ে থানা ও ডিবি পুলিশের বিশেষ যৌথ অভিযানে একটি আন্তঃজেলা ডাকাতদলের ১০ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ডাকাতদের ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। জেলা পুলিশের এই দ্রুত পদক্ষেপের কারণে বড় কোনো ডাকাতির পরিকল্পনা পণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে তদন্ত কার্যক্রম চলমান থাকায় আটককৃতদের নাম-পরিচয় এই মুহূর্তে প্রকাশ করেনি পুলিশ।সংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা গেছে, এই ডাকাত চক্রটি অন্য জেলা থেকে সুসংগঠিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে পঞ্চগড় জেলায় প্রবেশ করেছিল।
গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ শহরের বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসানোর পাশাপাশি বিশেষ তল্লাশি অভিযান শুরু করে। অভিযানের প্রথম পর্যায়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে একটি মাইক্রোবাসসহ সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার সাতমেরা ইউনিয়ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে চক্রের বাকি ৮ সদস্যকে আটক করে ডিবি ও থানা পুলিশের যৌথ দল।অভিযানে আটককৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা বেশ কিছু ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে যা ডাকাতির কাজে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছিল বলে পুলিশ নিশ্চিত করেছে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি নিয়ে বর্তমানে নিবিড় তদন্ত চলছে।
ডাকাত চক্রের সাথে স্থানীয় কেউ জড়িত আছে কি না কিংবা তারা কোথায় ডাকাতির পরিকল্পনা করছিল তা বের করার চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে এবং চক্রের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে আটককৃতদের নাম এই মুহূর্তে জানানো সম্ভব হচ্ছে না। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং দ্রুতই তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। এই অভিযানে পুলিশের তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন