বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মোমবাতির আলোয় পরীক্ষা দিচ্ছে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ১২:২২ পিএম

মোমবাতির আলোয় পরীক্ষা দিচ্ছে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী

মোমবাতির আলোয় পরীক্ষা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটায় মোমবাতির আলোয় পরীক্ষা দিচ্ছেন ৪ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থী। মঙ্গলবার সকাল থেকে চলমান এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ১১টি কেন্দ্রে এ চিত্র দেখা গেছে।

সংশ্লিষ্ট কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি এবং নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলছে। সকাল থেকে কালবৈশাখী ঝড় শুরু হলে পল্লী বিদ্যুতের ৩৩ কেভি লাইনে বিভ্রাট দেখা দেয়। এতে পুরো নবীনগরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

পরীক্ষা কক্ষে পর্যাপ্ত আলো না থাকায় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে উত্তরপত্র লিখছেন। কেন্দ্রের ভেতরে অন্ধকার থাকায় অনেক পরীক্ষার্থী লিখতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। চলতি বছর নবীনগর উপজেলায় এসএসসির ৮টি, দাখিলের ২টি এবং ভোকেশনালের ১টি কেন্দ্রে মোট ৪ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঝড়-বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে তারের ওপর গাছের ডাল ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রগুলোতে মোমবাতি ও চার্জ লাইটের ব্যবস্থা করা হয়েছে।

পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবদুল ওয়াদুদ হোসেন জানান, ঝড়ে ৩৩ কেভি লাইন ট্রিপ করায় এই বিভ্রাট ঘটেছে। বিদ্যুৎকর্মীরা দ্রুত সংযোগ সচল করতে কাজ করছেন।এদিকে পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। দুপুর ১১টা ৫০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিটি পরীক্ষা কেন্দ্র বিদ্যুৎহীন ছিল।