শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

প্রবাসীকে হত্যার পর মরদেহ আট টুকরো, গ্রেপ্তার ২

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৮, ২০২৬, ১১:৪৪ পিএম

প্রবাসীকে হত্যার পর মরদেহ আট টুকরো, গ্রেপ্তার ২

পরকীয়া সম্পর্কের জেরে প্রবাসী মোকাররমকে হত্যার পর মরদেহ আট টুকরো করার ঘটনায় মা-মেয়েকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৩-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফায়েজুল আরেফীন এই তথ্য নিশ্চিত করেন। রাজধানীর মুগদার মান্ডা এলাকার একটি ভাড়া বাসায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন হেলেনা বেগম ও তার ১৩ বছর বয়সী মেয়ে।র‍্যাব জানায়, গত ১৩ মে সৌদি আরব থেকে দেশে ফিরে মোকাররম তার পরকীয়া প্রেমিকা তাসলিমা আক্তারের সঙ্গে দেখা করতে মান্ডায় হেলেনার বাসায় যান।

 সেখানে তাদের মধ্যে লেনদেনের টাকা ও বিয়ে নিয়ে তীব্র বাগবিতণ্ডা হয়। এর জেরে ১৪ মে সকালে মোকাররমকে পানির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে প্রথমে বালিশচাপা দেওয়া হয়। পরে বঁটি দিয়ে গলায় কোপ ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

হত্যাকাণ্ডের পর বাথরুমে নিয়ে ধারালো বঁটি দিয়ে মরদেহ আট টুকরো করে পলিথিনে ভরে রাখা হয়। ওই দিন রাতেই সাতটি টুকরো ভবনের নিচের ময়লার স্তূপে এবং মাথার অংশটি এক কিলোমিটার দূরে ফেলে দেওয়া হয়। এই ঘটনার পরদিন ১৫ মে তারা বাইরে রেস্তোরাঁয় গিয়ে বিরিয়ানি খান এবং রাতে বাসায় ফিরে ছাদে আনন্দ পার্টি করেন।

গত ১৭ মে দুপুরের দিকে ওই বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের পর র‍্যাব অভিযান চালিয়ে হেলেনা ও তার মেয়েকে গ্রেপ্তার করে। এই ঘটনার মূল পরিকল্পনাকারী পলাতক প্রেমিকা তাসলিমাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।