মে ২১, ২০২৬, ০৩:৩৯ পিএম
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বসনিয়াপাড়া এলাকায় কালভার্টের মুখ বন্ধ করে নির্মিত একটি ঘর সরিয়ে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন করা হয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কালভার্টের পানি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় এলাকার কয়েকশ’ বিঘা কৃষিজমি পানির নিচে তলিয়ে যায়।
এমন সংকটময় পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করে সর্বমহলের প্রশংসায় ভাসছেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।কালভার্ট বন্ধ থাকায় বসনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলাচলের রাস্তাও ভেঙে যায়।
স্থানীয়দের চরম দুর্ভোগ ও কৃষকদের বিপুল ক্ষতির বিষয়টি জানতে পেরে আব্দুর রাজ্জাক দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের সঙ্গে যোগাযোগ করে তার পরামর্শক্রমে ঘরের মালিক আনসারুল ইসলাম বাচ্চুর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
আনসারুল জানান যে, তার নিজস্ব তেমন কোনো জায়গা না থাকায় কালভার্টের মুখেই বাধ্য হয়ে তিনি ঘরটি তুলেছিলেন। মানবিক দিক বিবেচনা করে আব্দুর রাজ্জাক তাকে একটি ড্রেন নির্মাণ ও মাটি ভরাটের জন্য ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার সুস্পষ্ট আশ্বাস দিলে তিনি স্বেচ্ছায় ঘরটি সরিয়ে নিতে রাজি হন।দীর্ঘদিনের সমস্যার সমাধানে দ্রুত এমন কার্যকর উদ্যোগ নেওয়ার ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
কালভার্টের মুখ খুলে দেওয়ায় আটকে থাকা পানি দ্রুত নামতে শুরু করেছে এবং এলাকার কৃষকরা নতুন করে আমন মৌসুমের স্বপ্ন দেখতে শুরু করেছেন। বসনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্থানীয় অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এখন দ্রুততম সময়ের মধ্যে ভেঙে যাওয়া রাস্তাটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন। সাধারণ মানুষের এমন দুর্ভোগ লাঘবে স্থানীয় রাজনৈতিক নেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামীতে অন্যান্য সামাজিক সমস্যা সমাধানেও বড় ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন