শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,
নগর বর্জ্য ব্যবস্থাপনা

বর্জ্য ব্যবস্থাপনায় ৫ নতুন কনটেইনার ট্রাক চালু ডিএনসিসির

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১২:৫৭ পিএম

বর্জ্য ব্যবস্থাপনায় ৫ নতুন কনটেইনার ট্রাক চালু ডিএনসিসির

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও আধুনিক ও দ্রুতগতির করতে পাঁচটি নতুন কনটেইনার ক্যারিয়ার ট্রাকের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এই আধুনিক যানবহরের উদ্বোধন করা হয়। গাবতলীর প্রস্তাবিত কাঁচাবাজার সংলগ্ন ডিএনসিসির নিজস্ব পরিবহন ডিপোতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এসব কনটেইনার ক্যারিয়ার ট্রাকের উদ্বোধন করেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক জানান, ভারী বৃষ্টিপাতের পরও এখন আর উত্তর সিটি করপোরেশনের আওতাধীন কোনো এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয় না। ড্রেনেজ ব্যবস্থার নিয়মিত সংস্কার কার্যক্রম চলমান থাকা এবং সঠিক পরিকল্পনা বাস্তবায়নের ফলেই এই সংকট নিরসন সম্ভব হয়েছে। ফলে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে ডিএনসিসি প্রায় শতভাগ সাফল্য অর্জন করতে পেরেছে।

বাসাবাড়ির বর্জ্য অপসারণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন তিনি। প্রশাসক উল্লেখ করেন, আবাসিক এলাকার গৃহস্থালি ময়লা-আবর্জনা দ্রুততম সময়ে অপসারণ করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএসের মাধ্যমে সুষ্ঠু প্রক্রিয়াকরণে এই পাঁচটি কনটেইনার ক্যারিয়ার ট্রাক তাৎক্ষণিক ভূমিকা রাখবে। পরিবহন সক্ষমতা আরও বাড়াতে ভবিষ্যতে এই বহরে আরও ১০টি নতুন কনটেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করার অংশ হিসেবেই পরিচ্ছন্নতা বহরে এসব আধুনিক গাড়ি সংযোজন করা হচ্ছে। নতুন এই কনটেইনার ক্যারিয়ার ট্রাকগুলোর মাধ্যমে সহজে ও কম সময়ের মধ্যে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে স্থানান্তর করে নগরবাসীকে পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেওয়া সম্ভব হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।