মে ২৭, ২০২৬, ১০:১৮ এএম
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দিঘি থেকে ১০ বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের লাশ উদ্ধার করে। মৃত শিশুরা হলো আরাফাত মল্লিক ও আকাশ।
তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।আরাফাত মল্লিক বাকেরগঞ্জের চৈতা রঘুনাথপুর এলাকার বাসিন্দা এবং ঢাকার একটি মাদরাসার ছাত্র ছিল।
অন্যদিকে আকাশ ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা ও নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ঈদুল আজহা উপলক্ষ্যে আরাফাত ঢাকা থেকে বরিশালে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে পরিবারের অজান্তে তারা দুই বন্ধু মিলে বাসা থেকে বের হয়।
ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে তারা দিঘির গভীর পানিতে তলিয়ে গিয়েছিল।ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার রাতে মেডিকেল কলেজ মসজিদের সামনের ঘাটলা থেকে ডুবুরি শাহিনের নেতৃত্বে লাশ দুটি উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা জানান, দুপুরের দিকে দুই বন্ধু দিঘির পাড়ে খেলতে গিয়েছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন