বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ঈদের ছুটিতে কাপ্তাইয়ে পর্যটকদের ভিড়

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩১, ২০২৬, ০১:২৩ পিএম

ঈদের ছুটিতে কাপ্তাইয়ে পর্যটকদের ভিড়

কাপ্তাই লেকের মনোরম দৃশ্য

রাঙামাটির কাপ্তাইয়ে পর্যটকদের ভিড় উপচে পড়ছে। ঈদের টানা ছুটিতে কাপ্তাইয়ের বিভিন্ন বিনোদন কেন্দ্র ও পর্যটন স্পটগুলো এখন মুখর। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য বিনোদনপ্রেমী মানুষ এখানে ছুটি কাটাতে ছুটে আসছেন।

পর্যটকদের এমন আগমনে স্থানীয় কটেজ ও রিসোর্টগুলোর সব কক্ষ আগে থেকেই বুকিং হয়ে গেছে।নদীর কোল ঘেঁষে অবস্থিত কাপ্তাই ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁ ও শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসে মানুষের উপস্থিতি সবচেয়ে বেশি দেখা গেছে। 

অনেকেই কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদীতে নৌকাভ্রমণ উপভোগ করছেন। শিশুরা মেতে উঠেছে শিশুপার্কের বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উদযাপনে।কুমিল্লা থেকে আসা পর্যটক নুরুল আলম ও মিজানুর রহমান জানান, তারা বন্ধুদের নিয়ে কাপ্তাইয়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন। 

তবে কর্ণফুলী নদীতে একটি কেবল কারের ব্যবস্থা থাকলে পর্যটকদের যাতায়াত ও আনন্দ আরও বাড়ত বলে তারা মনে করেন। নিসর্গ রিভার ভ্যালির ব্যবস্থাপক জাকির হোসেন জানান, টানা ছুটিতে এবার আশাতীত দর্শনার্থী এসেছেন। কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি পরিচালিত লেক প্যারাডাইস এবং সেনাবাহিনী পরিচালিত জীবতলী লেকশোর, লেকভিউ ও রিভারভিউতেও মানুষের চাপ রয়েছে।

এ ছাড়া কাপ্তাই লেকের মাঝে অবস্থিত রাইংখ্যং আইল্যান্ড, শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পট, চন্দ্রলোক ক্যাম্পিং সাইট ও বনশ্রী পর্যটন কেন্দ্রে পর্যটকরা পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন। পর্যটন শহর হিসেবে আগন্তুকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারি রাখছে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, পর্যটকদের সুরক্ষায় বিনোদন কেন্দ্রগুলোতে পুলিশ প্রতিনিয়ত দায়িত্ব পালন করে যাচ্ছে।