জুন ২, ২০২৬, ০১:৩২ পিএম
নীলফামারী জেলা শহরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের অবিলম্ব পদত্যাগের দাবিতে এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের প্রধান সড়কে অবস্থিত ব্যাংকের স্থানীয় শাখার সামনে সচেতন আমানতকারীদের উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, নবনিযুক্ত এই চেয়ারম্যান বিগতসি ফ্যাসিবাদী সরকারের প্রত্যক্ষ দোসর এবং তাকে দ্রুত অপসারণ করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।রাজধানী ঢাকা এবং দিনাজপুরের পর এবার উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতেও ইসলামী ব্যাংকের পর্ষদীয় রদবদল নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ছে।
‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ জেলা শাখার ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিপুল সংখ্যক সাধারণ গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ী সমাজ অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন যে বিগত স্বৈরাচারী সরকার এবং বিতর্কিত এস আলম গ্রুপ যেভাবে নিয়মনীতির তোয়াক্কা না করে এই ঐতিহ্যবাহী ব্যাংকটিকে ধ্বংসের মুখে নিয়ে গেছে, বর্তমান প্রশাসনও একই পথ অনুসরণ করছে। তারা আরও দাবি করেন যে ফ্যাসিবাদের দোসরকে সর্বোচ্চ পদে বসিয়ে নতুন করে আমানত লুটে নেওয়ার এক গভীর পায়তারা চলছে।ব্যাংকের সুদীর্ঘ গৌরবময় ঐতিহ্য পুনরুদ্ধার এবং সাধারণ গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত এই রাজপথ আন্দোলনের সূত্রপাত হয়েছে।
মানববন্ধন শেষে ফোরামের পক্ষ থেকে একটি বিশেষ প্রতিনিধি দল স্থানীয় ব্যাংক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে তাদের সুনির্দিষ্ট দাবি ও গভীর উদ্বেগের কথা অবহিত করেন। বক্তারা অবিলম্বে বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমকে নিঃশর্তভাবে অপসারণ করে পূর্বের সৎ ও যোগ্য ব্যক্তিত্বকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার জোর আহ্বান জানান। গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ পরিশেষে হুঁশিয়ারি দিয়ে বলেন যে যদি অতিবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিল করা না হয়, তবে দেশজুড়ে গ্রাহকদের স্বার্থ রক্ষায় আরও লাগাতার তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন