জুন ৬, ২০২৬, ০৩:৫১ পিএম
বৈরী আবহাওয়া ও পদ্মা নদীর উত্তাল ঢেউয়ের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার দুপুর থেকে এই নৌপথে যাত্রী ও যান পারাপার স্থগিত করা হয়। এতে নদীর উভয় পাড়ে আটকে পড়া হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিক চরম ভোগান্তিতে পড়েছেন।
দুইটার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঝোড়ো বাতাস ও বৃষ্টির কারণে নদীতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে।
ঝুঁকির কথা বিবেচনা করে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আগে এই রুটে ১৫টি ফেরি চললেও বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ছয়টি ফেরি আটকা পড়ে আছে।একই কারণে লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম জানান, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শনিবার দুপুর একটা চল্লিশ মিনিট থেকে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। এর আগে ১৬টি লঞ্চ এই রুটে চলাচল করত। হঠাৎ চলাচল বন্ধ হওয়ায় ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
যাত্রীরা এখন গন্তব্যে পৌঁছানো নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।আবহাওয়া স্বাভাবিক হলে এবং পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ততক্ষণ পর্যন্ত যাত্রী ও চালকদের নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন