জুন ২২, ২০২৬, ১০:৪৬ এএম
আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানী ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি। কার্যক্রমে নিষেধাজ্ঞা পাওয়া দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো মহানগরীকে কঠোর নজরদারির আওতায় নিয়ে আসার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
রাজধানীজুড়ে ২০০টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে।মহানগরের সবকটি গুরুত্বপূর্ণ প্রবেশপথে কড়া তল্লাশি কার্যক্রম জোরদার রাখার পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো মাঠে সক্রিয় থাকবে। গোয়েন্দা শাখা বা ডিবি এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ইউনিট সার্বক্ষণিকভাবে মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালাবে স্পেশাল ব্রাঞ্চ এবং ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় মহানগরের বিভিন্ন পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হবে এবং ৪টি প্রধান নিয়ন্ত্রণ কক্ষে পর্যাপ্ত রিজার্ভ ফোর্স রাখা হবে।
সব মিলিয়ে ডিএমপির ১৮ হাজারেরও বেশি সদস্য ও ফোর্স এই বিশেষ দিনে মোতায়েন থাকবে। এদিকে অপরাধ দমনে চলতি জুন মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস ও মাদকের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িতদের এই অভিযানে আইনের আওতায় আনা হয়েছে বলে পুলিশ প্রশাসন নিশ্চিত করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন