জুন ২৫, ২০২৬, ০৩:৫৭ পিএম
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদর উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে এই মেলাটির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোছা: শুকরিয়া পারভীন ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন।
ফল মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও প্রান্তিক কৃষকেরা অংশগ্রহণ করেছেন।উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন চন্দ্র রায়ের সঞ্চালনায় ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়সহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় বক্তারা জানান, প্রতিবছর বিদেশ থেকে আপেল, কমলা, আঙুর ও মাল্টাসহ বিপুল পরিমাণ ফল আমদানি করতে হয়, যার ব্যয় ১০ হাজার কোটি টাকারও বেশি। দেশীয় ফল চাষের মাধ্যমে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি পুষ্টির চাহিদা মেটানো সম্ভব। তারা প্রতিদিন অন্তত ২৫ থেকে ৩০ গ্রাম দেশীয় ফল খাওয়ার পরামর্শ দেন এবং ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ দেশি ফলের উপকারিতার ওপর জোর দেন।মেলায় মোট ১৩টি স্টলে ফল ও আধুনিক কৃষি প্রযুক্তির নানা দিক তুলে ধরা হয়েছে। অনুষ্ঠান শেষে অতিথিরা স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও কৃষকদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন