জুলাই ১, ২০২৬, ০৪:০৯ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জে অর্ধবার্ষিক পরীক্ষা শুরুর আগেই এক ছাত্রের কাছে ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের এই ঘটনাটি ১ জুলাই বুধবার জানাজানি হয়। ওই বিদ্যালয়েরই সহকারী শিক্ষক মহাদেব রায়ের বিরুদ্ধে এক শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে এই প্রশ্নপত্র পাঠানোর সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে।পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্রের একাংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় সচেতন অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে চলমান অর্ধবার্ষিক পরীক্ষার দশম শ্রেণির ইংরেজি প্রথম পত্রের মূল প্রশ্নপত্রের সঙ্গে পূর্বে ফাঁস হওয়া একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটের হুবহু মিল পাওয়া যায়। বিশেষ করে পরীক্ষার ২ নম্বর প্রশ্নটি স্ক্রিনশটে থাকা বার্তার সঙ্গে শব্দে শব্দে মিলে গেছে। অভিযুক্ত শিক্ষক মহাদেব রায় নিজেই এই শ্রেণির প্রশ্নপত্র প্রণয়ন ও সিলগালা করার দায়িত্বে ছিলেন। নিয়ম অনুযায়ী প্রশ্নকর্তা শিক্ষক নিজেই প্রশ্ন প্রিন্ট করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে খামে বন্দি করে জমা দেন বিধায় পরীক্ষা শুরুর আগে এটি বাইরে যাওয়ার দায় সম্পূর্ণ তাঁর ওপরই বর্তায় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এই অনিয়মের বিষয়ে জানতে অভিযুক্ত সহকারী শিক্ষক মহাদেব রায়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহাও বিষয়টি খতিয়ে দেখে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার নিশ্চয়তা দিয়েছেন। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোছা. রোকসানা বেগম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা নিশ্চিত করেন।
উল্লেখ্য, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিজের বাসায় প্রাইভেট ও বিশেষ কোচিং-এ অংশ নিতে বাধ্য করার একাধিক অভিযোগ উঠেছিল। তাঁর কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে কম নম্বর দেওয়ার বিষয়টি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশ পেলেও তখন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন