জুলাই ৩, ২০২৬, ০৭:৩৯ পিএম
নীলফামারীর জলঢাকায় শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জলঢাকা পেট্রোল পাম্প ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই আদেশ কার্যকর থাকবে। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আদেশে বলা হয়, শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধনকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় অস্ত্র বহন, মাইকিং, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা ও যেকোনো ধরনের মিছিল-সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জলঢাকা থানা পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যরা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন।যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম। জনগণের নিরাপত্তা নিশ্চিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন