শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

বায়তুল মোকাররমে জুলাই শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ০৫:৪৬ পিএম

বায়তুল মোকাররমে জুলাই শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত

ছবি - সংগৃহীত

জুলাই গণআন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত, আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা এবং জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই বিশেষ আয়োজন করা হয়।জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত এই দোয়া ও মোনাজাতে দেশের অব্যাহত শান্তি ও স্থিতিশীলতা কামনায় প্রার্থনা করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ মোনাজাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। একই সঙ্গে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহত যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ডা. হারুনুর রশীদসহ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, মুসল্লি ও ধর্মপ্রাণ সাধারণ মানুষ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। মুনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।