সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

ছাতার ভেতর থেকে শক্তিশালী পাইপ বোমা উদ্ধার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ১০:১০ এএম

ছাতার ভেতর থেকে শক্তিশালী পাইপ বোমা উদ্ধার

ছবি - সংগৃহীত

রাজধানীর মতিঝিলে উল্টোরথ যাত্রার শোভাযাত্রায় নাশকতার উদ্দেশ্যে রেখে যাওয়া একটি শক্তিশালী পাইপ বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ। ফোল্ডিং ছাতার ভেতরে অভিনব কৌশলে তৈরি করা এই ডিভাইসটি সময়মতো শনাক্ত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।ঘটনাটি ঘটে গত শুক্রবার বিকেলে ঢাকা শহরের মতিঝিল এলাকায়।

পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছিল। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শোভাযাত্রাটি দৈনিক বাংলা মোড় পার হয়ে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে শাপলা চত্বরের দিকে যাওয়ার সময় মিটমিট করে আলো জ্বলতে দেখা যায়। স্টেশনের নিচে জেনারেটর রুমের পাশে একটি পরিত্যক্ত ফোল্ডিং ছাতা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যদের।

সে সময় শোভাযাত্রায় হাজারো মানুষ উপস্থিত ছিলেন। হঠাৎ আতঙ্কের ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে পুরো এলাকাটি কৌশলে ঘিরে ফেলে পুলিশ।শোভাযাত্রার বহর নিরাপদ দূরত্বে চলে যাওয়ার পর ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল সেখানে গিয়ে আলামতটি পরীক্ষা করে। পরে প্রতীয়মান হয় এটি জিআই পাইপে তৈরি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি। 

পাইপটির ভেতরে এক কিলোগ্রামের বেশি সালফার, ব্যাটারি, সার্কিট এবং প্রচুর ধারালো লোহার টুকরো ও তারকাঁটা দিয়ে বোতাম চাপলে বিস্ফোরণ ঘটার মতো সংযোগ স্থাপন করা ছিল। নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারকৃত বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।ঘটনায় সরকার ও সাধারণ মানুষের নিরাপত্তা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিত চেষ্টার অভিযোগে মতিঝিল থানায় মামলা করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে থানা পুলিশের পাশাপাশি একাধিক নিরাপত্তা সংস্থা ছায়াতদন্ত চালিয়ে যাচ্ছে।