আগস্ট ১৪, ২০২৬, ১১:০২ পিএম
তীব্র গরম ও লোডশেডিংয়ের কবলে পড়ে একটু স্বস্তির খোঁজে গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন ৯০ বছর বয়সী এক বৃদ্ধা। কিন্তু সেই আশ্রয়ই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল। আকস্মিকভাবে ভেঙে পড়া গাছটির নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার।ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৪ আগস্ট) সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকায়।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, অসহনীয় গরমে বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশের গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন ওই বৃদ্ধা। বাতাস বা ঝড় ছাড়াই হঠাৎ গাছটি উপড়ে তার ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম কানন জানান, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়েই বৃদ্ধা গাছের ছায়ায় বসেছিলেন। মুহূর্তের অসতর্কতায় গাছটি ভেঙে পড়ে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন