আগস্ট ১৭, ২০২৫, ০৯:০১ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদী উত্তাল হয়ে ওঠায় ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। দুর্ঘটনা এড়ানোর জন্য রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।
লঞ্চ চলাচল বন্ধ থাকা রুটের মধ্যে রয়েছে- ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা এবং তজুমদ্দিন-মনপুরাসহ অন্যান্য নৌরুট।
তবে কিছু রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। এগুলো হলো- ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, লালমোহন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা ও ভেদুরিয়া-বরিশাল।
বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তিনি আরও বলেন, আবহাওয়ার আরও অবনতি হলে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন