রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

আমির হামজার ‘নবীজি সাংবাদিক ছিলেন’ বক্তব্যে কী বললেন তাহেরি?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ০৬:০৮ পিএম

আমির হামজার ‘নবীজি সাংবাদিক ছিলেন’ বক্তব্যে কী বললেন তাহেরি?

ছবি - সংগৃহীত

নবী শব্দের শাব্দিক অর্থ সংবাদবাহক, সেই অর্থে নবীজি (সা.) সাংবাদিক ছিলেন’—জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার এমন বক্তব্যে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার সেই বিতর্কে যোগ দিয়ে আমির হামজার এই বক্তব্যকে ‘বেয়াদবিমূলক’ এবং তাকে ‘বেয়াদবিতে সেরা’ বলে মন্তব্য করেছেন আরেক জনপ্রিয় ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি।

বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাহেরি এই ক্ষোভ প্রকাশ করেন।আমির হামজাকে ইঙ্গিত করে একটি পোস্টে তাহেরি লেখেন, “আল্লাহর হাবীব (দ:) নাকি সাংবাদিক ছিলেন! নাউজুবিল্লাহ। মানসিক ভারসাম্যহীন বিকারগ্রস্ত মিথ্যাবাদী আমির হামজার বাণী অনুযায়ী তার সিট কোথায় বরাদ্দ করা যেতে পারে?”

আরেকটি পোস্টে তিনি লেখেন, “গতকাল দেখলাম আমিরে জামায়াত বক্তব্যের ব্যাপারে সতর্ক করলেন। এক দিন পরই দেখলাম মিথ্যাবাদী আমির হামজা অবান্তর বেয়াদবিমূলক বক্তব্য দিল। সে আসলেই বেয়াদবিতে সেরা।”তাহেরির এই পোস্টগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। অনেকেই তাহেরির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ধর্মীয় বিষয়ে এ ধরনের ব্যাখ্যার নিন্দা জানিয়েছেন।

এর আগে বুধবার সকালে কুষ্টিয়ায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মুফতি আমির হামজা ওই বিতর্কিত মন্তব্যটি করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ধর্মীয় বক্তাদের অসংযত বক্তব্য সমাজে বিভেদ তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।