রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

গরু ছাড়াই ঘানি টানা সেই প্রবীণ দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ০৮:১৬ পিএম

গরু ছাড়াই ঘানি টানা সেই প্রবীণ দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান

ছবি - সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দারিদ্র্যের কারণে গরু ছাড়াই কাঁধে তুলে ৩০ বছর ধরে তেল ভাঙার ঘানি টেনে চলা প্রবীণ দম্পতি মোস্তাকিন আলীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন সংবাদমাধ্যমে এই হৃদয়বিদারক খবর প্রকাশিত হওয়ার পর তিনি ‘আমরা বিএনপি পরিবার’ নামক সংগঠনের মাধ্যমে এই দম্পতির দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নীলফামারীর বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামে মোস্তাকিন আলীর বাড়িতে যান।প্রতিনিধি দলটি সেখানে মোস্তাকিন আলীর ৩০ বছরের স্মৃতিবিজড়িত সেই ‘ঘানি’ পরিদর্শন করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে এই প্রবীণ দম্পতির প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

পরে রুহুল কবির রিজভী তারেক রহমানের পক্ষ থেকে মোস্তাকিন আলীর হাতে ঘানির জন্য একটি গরু কেনার জন্য নগদ অর্থ এবং তাদের পরিবারকে স্থায়ীভাবে স্বাবলম্বী করার জন্য দুটি ব্যাটারিচালিত অটোভ্যানের চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

এ সময় রিজভী বলেন, “যেখানে একটি রাষ্ট্রের দায়িত্ব ছিল এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর, সেখানে তারা ৩০ বছর ধরে অমানবিক পরিশ্রম করে গেছেন। তারেক রহমানের নির্দেশে আমরা তাদের এই কষ্টের অবসান ঘটাতে এবং তাদের স্বাবলম্বী করতে এখানে এসেছি।”

এই মানবিক কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনপ্রিয় শিল্পী বেবী নাজনীন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতারা। একই অনুষ্ঠানে প্রতিনিধি দলটি জুলাই গণঅভ্যুত্থানে নিহত সৈয়দপুরের শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ নাঈম বাবুর পরিবারকে আর্থিক অনুদান প্রদান করে।