অক্টোবর ৯, ২০২৫, ১১:২৬ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রংপুর-২ আসনের মনোনীত প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশে সঠিকভাবে যাকাত ব্যবস্থা চালু করা গেলে দেশে আর কোনো অভাব থাকবে না। তিনি বলেন, ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়িত হলে যাকাত আদায় সহজ হবে এবং দেশের অর্থনীতি স্বনির্ভর হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়াকুটি ইউনিয়নের ডাঙ্গিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এ টি এম আজহারুল ইসলাম বলেন, “শুধু ব্যাংকগুলোতে থাকা ধনীদের অর্থ থেকে যদি প্রতিবছর সঠিকভাবে যাকাত আদায় করা হয়, তার পরিমাণ দাঁড়াবে প্রায় ৫০ হাজার কোটি টাকা।
এই টাকা দেশের কল্যাণমূলক কাজে ব্যয় করলে অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব এবং কাউকে আর কাজের জন্য বিদেশেও যেতে হবে না।”তিনি পূর্ববর্তী সরকারগুলোর সমালোচনা করে বলেন, “যারা ক্ষমতায় থেকে দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপন করেছে, দেশের মানুষ তাদের আর চায় না।”
তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর নেতারা অতীতে মন্ত্রী থাকাকালীন দুর্নীতিমুক্ত ছিলেন এবং তার দল ক্ষমতায় গেলে একটি টাকাও বিদেশে পাচার হবে না।দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে আল কোরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে উল্লেখ করে তিনি আসন্ন নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন