শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

কাহারোলে সরকারি দপ্তরে ১০টি গুরুত্বপূর্ণ পদে নারী কর্মকর্তা কর্মরত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ০৮:৪৩ পিএম

কাহারোলে সরকারি দপ্তরে ১০টি গুরুত্বপূর্ণ পদে নারী কর্মকর্তা কর্মরত

ছবি-দিনাজপুর টিভি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর বাণী, "বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর"—এই মন্ত্রে উজ্জীবিত হয়ে দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনে একদল নারী কর্মকর্তা স্বমহিমায় নিজেদের ভাবমূর্তি তুলে ধরেছেন।

উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ১০টি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে তাঁরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এসব নারী কর্মকর্তা নিজ নিজ দপ্তরে স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সুনাম অর্জন করেছেন এবং প্রতিনিয়ত জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন।

উপজেলা প্রশাসনের যে সকল নারী কর্মকর্তা বর্তমানে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত রয়েছেন, তাঁরা হলেন:

১. উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোকলেদা খাতুন মীম: তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাঁর মন্তব্য, "নারী-পুরুষ কোনো বিষয় নয়। যেকোনো কাজ সততার সঙ্গে পালন করাই হচ্ছে দেশপ্রেম।"

২. উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ: তাঁর বিশেষ অবদানে সরিষা উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করছে কাহারোল। পাশাপাশি মাল্টা, ভুট্টা এবং নতুন জাতের ধান উৎপাদনও বেড়েছে। তিনি নারীদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে অর্থ উপার্জনের আহ্বান জানান।

৩. উপজেলা মৎস্য কর্মকর্তা জোবাইয়া নাজমীন: তিনি মাছের অভয়ারণ্য রক্ষণাবেক্ষণসহ মৎস্য চাষীদের মাছ চাষে উৎসাহিত করছেন এবং সততা ও সুনামের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

৪. উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শিল্পী রানী রায়: অফিসে যোগদান করে আগোছালো কাজগুলো গোছিয়ে এনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তাঁর একমাত্র লক্ষ্য—জনগণকে যথাযথ সেবা দেওয়া।

৫. উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী: তিনি বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীদের সচেতন করাসহ নারী ক্ষমতায়নের ক্ষেত্রে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

৬. উপজেলা তথ্য সেবা আপা মোছাঃ নুরজাহান বেগম: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারীদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের আওতায় সুবিধা বঞ্চিত নারীদের তথ্য প্রযুক্তির ব্যবহার ও সেবা নিশ্চিত করতে কাজ করছেন।

৭. উপজেলা সাব-রেজিষ্ট্রার রোকসানা আহাম্মদ: তিনি দলিল সম্পাদন ও ভূমি ব্যবস্থাপনাকে সুষ্ঠু-সুন্দরভাবে পরিচালনা করছেন। জমি ক্রেতা ও বিক্রেতারা যাতে হয়রানির শিকার না হন, সেই দিকে দৃষ্টি রাখাই তাঁর প্রধান কাজ।

৮. উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আরা রহমান: কেন্দ্রীয় সমবায় সমিতিকে স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছেন এবং সঠিকভাবে নিজের দায়িত্ব ও কর্তব্য পালনের ওপর গুরুত্বারোপ করেন।

৯. উপজেলা নির্বাচন কর্মকর্তা আখি সরকার: গত ৬ জানুয়ারি যোগদান করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সেবা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।

১০. উপজেলা জাইকা প্রকল্পের ফেসিলিটেটর মোছাঃ হেলেনা খাতুন: তিনি উপজেলার উন্নয়নের জন্য যত প্রকার সেবা দরকার, তা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সঠিক নিয়মে কাজ করায় গুরুত্ব দিচ্ছেন।