বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর সদর ইউএনও শাহীন সুলতানা দিলেন হুইল চেয়ার ও ছাগল

মো: মামুনুর রশিদ

নভেম্বর ১৮, ২০২৫, ০৪:০৪ পিএম

দিনাজপুর সদর ইউএনও শাহীন সুলতানা দিলেন হুইল চেয়ার ও ছাগল

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন সুলতানা বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তারাও দেশ ও সমাজের উন্নয়নের অংশীদার। এছাড়া ছাগল পালন কর্মসূচির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করা সম্ভব।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে এবং নর্দান ডেভলমেন্ট অর্গানাইজেশন (এন.ডি.ও)’র বাস্তবায়নে হুইল চেয়ার ও ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউএনও শাহীন সুলতানা ৫ জন উপকারভোগী নারীকে দুটি করে মোট ১০টি ছাগল এবং ৮ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ৮টি হুইল চেয়ার বিতরণ করেন।

তিনি আরও বলেন, আর্ত-মানবতার কল্যাণে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে উপকারভোগীদের সহায়তা প্রদান করে আসছে।নর্দান ডেভলমেন্ট অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক মো. সামিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছাঃ শাহীনা বেগম এবং উপজেলা সমাজসেবা অফিসার মো. হাফিজুর ইসলাম।সভাপতির বক্তব্যে নর্দান ডেভলপমেন্ট অর্গানাইজেশন (এন.ডি.ও)’র নির্বাহী পরিচালক মো. সামিউল আলম বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দারিদ্র্য বিমোচন,

নারীর ক্ষমতায়ন বৃদ্ধি ও অর্থনৈতিক মুক্তির জন্য সারাদেশে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে আজকে এই হুইল চেয়ার ও ছাগলগুলো বিতরণ করা হলো।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এসইউপিকে’র নির্বাহী পরিচালক মো. মোজাফ্ফর হোসেন ও সাধনা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ সাবিনা ইয়াসমিন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এন.ডি.ও’র ম্যানেজার মো. গুলজার রহমান।