বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

নারী ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রাণীসম্পদ কার্যক্রমে জোর

মো: মামুনুর রশিদ

নভেম্বর ১৯, ২০২৫, ০২:৫৫ পিএম

নারী ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রাণীসম্পদ কার্যক্রমে জোর

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে নারী ক্ষমতায়ন বৃদ্ধি ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিতে প্রাণীসম্পদ কার্যক্রমে নারীদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে এক ইউনিয়নভিত্তিক পাবলিক হেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) পল্লীশ্রী’র আয়োজনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-জার্মানী’র সহযোগিতায় "প্রোমোটিং অপরচুনিটি ফর ওমেন ইম্পাওয়ারমেন্ট" প্রকল্পের আওতায় বালুবাড়ীস্থ প্রাণীসম্পদ কার্যালয়ে এই পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম এর সভাপতিত্বে সভায় তিনি বলেন, "আমিষ খাদ্যের চাহিদা পূরণে প্রাণীসম্পদ তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করে আসছে। নারীদের গাভী, ছাগল, হাঁস-মুরগি পালনের ব্যাপারে উৎসাহিত করতে পারলে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক মুক্তি আসবে।"

পাবলিক হেয়ারিং-এ প্রাণীসম্পদের কার্যক্রমের সাথে সিবিও (কমিউনিটি বেজড অর্গানাইজেশন) সদস্যদের কিভাবে সম্পৃক্ত করা যায়, প্রাণীসম্পদের সকল সুযোগ-সুবিধা গ্রহণের জন্য যোগাযোগ জোরদার করা, নারীদের প্রশিক্ষণের বিষয়ে অবগত করা এবং প্রাণীসম্পদ কার্যালয়ে তাদের অভিগম্যতা বৃদ্ধির ব্যাপারে সচেতন করা নিয়ে আলোচনা করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা, উপজেলা প্রাণীসম্পদ অফিসার মোছাঃ শাহীনা বেগম, পার্বতীপুর উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. পবিত্র কুমার, অতিরিক্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া।স্বাগত বক্তব্য রাখেন পল্লীশ্রী’র প্রোগ্রাম অফিসার শাহাজাদি শিরিন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম ফেসিলিটেটর এন্ড কাউন্সিলর কৃষ্ণা দাস।