শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের রজত জয়ন্তী উৎসব পালিত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:৫৯ পিএম

দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের রজত জয়ন্তী উৎসব পালিত

ছবি-দিনাজপুর টিভি

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত দিনাজপুরের অন্যতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর গৌরবময় ২৫ বছর পূর্তি উৎসব-২০২৫ (রজত জয়ন্তী) উদযাপিত হয়েছে।

দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র ্যালি, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফানুস উৎসব।

দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মো. সাইদুর রহমান, অভিভাবক সদস্য মো. আব্দুল মান্নান সরকার, দিনাজপুর একাডেমি হাই স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহার প্রমুখ।প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আখের আলী স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, বিগত দুই দশকেরও বেশি সময় ধরে দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ শিক্ষা, সংস্কৃতি ও মানব সম্পদ উন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে সুনামের সঙ্গে অবদান রাখছে।অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাবেক ও বর্তমান সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। দিন শেষে বর্ণিল ফানুস উৎসবের মাধ্যমে রজত জয়ন্তীর আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয়।