বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসনের কর্মশালা

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৬:৩৯ পিএম

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসনের কর্মশালা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তি সহজ করতে ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের কাঞ্চন সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পে সহযোগিতায় ছিল জেলা প্রশাসন।

স্থানীয় সরকার দিনাজপুর-এর উপ-পরিচালক মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর-ই আলম সিদ্দিকী।কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, প্রচার বিষয়ক (আউটরিচ) কর্মকাণ্ড এবং স্থানীয় সরকারি-বেসরকারি সংস্থার ভূমিকা তুলে ধরেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আবু বক্কর সিদ্দিক।বক্তারা বলেন, স্বল্প সময়ে ও নামমাত্র খরচে ছোটখাটো বিবাদ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত একটি অত্যন্ত কার্যকর মাধ্যম।

গ্রাম আদালতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে সাধারণ মানুষের হয়রানি যেমন কমবে, তেমনি উচ্চ আদালতগুলোর মামলার জটও হ্রাস পাবে।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।