শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

শীতার্তদের পাশে চেকআপ স্পেশালাইজড হাসপাতাল

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৬:২৪ পিএম

শীতার্তদের পাশে চেকআপ স্পেশালাইজড হাসপাতাল

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে তীব্র শীত ও শৈত্যপ্রবাহের কবলে পড়া নিম্নআয়ের মানুষ ও রোগীদের পাশে দাঁড়িয়েছে দিনাজপুর চেকআপ স্পেশালাইজড হাসপিটাল। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে হাসপিটাল চত্বরে স্থানীয় দরিদ্র প্রবীণ, নিম্নআয়ের কর্মচারী ও রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

উপস্থিত ছিলেন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মাহবুব মোর্শেদ তমাল, স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. ইশরাত শারমীন, জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডা. শিলাদিত্য শীল, ডা. দ্বিজেন চন্দ্র বর্মন।

কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. ফজলে এলাহী, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডা. সমীরণ কুণ্ডু এবং অ্যানেস্থিশিয়া বিশেষজ্ঞ ডা. মনিরা বেগম প্রমুখ।শীতবস্ত্র বিতরণকালে জেনারেল সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শিলাদিত্য শীল শীতকালীন স্বাস্থ্যঝুঁকি এড়াতে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি বলেন, “শীতকালে সর্দি-কাশি ও ফ্লু’র মতো সংক্রমণ রোধে পর্যাপ্ত পুষ্টিকর খাবার, পানি ও ঘুমের প্রয়োজন।

বিশেষ করে শরীরে ভিটামিন-ডি তৈরির জন্য সরাসরি সূর্যের আলো লাগাতে হবে। এছাড়া তীব্র ঠান্ডায় হৃদরোগীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি।”চেকআপ স্পেশালাইজড হসপিটালের কর্মকর্তারা জানান, রোগীদের উন্নত চিকিৎসার পাশাপাশি আর্তমানবতার সেবায় তাদের এমন মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।