ডিসেম্বর ২৬, ২০২৫, ০৮:৩৭ পিএম
পুরানো সেই দিনের কথা ভুলি কি রে হাই! দীর্ঘ ৩০ বছরের বিরতি শেষে প্রাণের টানে শৈশবের বিদ্যাপীঠে মিলিত হলেন দিনাজপুরের ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনভর আনন্দ-উৎসব, স্মৃতিচারণ আর আবেগী আলিঙ্গনে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পাশাপাশি উপজেলার।
অপর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরাও আমন্ত্রিত হিসেবে যোগ দেন দুই স্কুলের বন্ধুদের এই মহামিলন অনুষ্ঠানকে এক অনন্য রূপ দান করে।
বিকেল পর্যন্ত চলা এই মিলনমেলায় পুরোনো বন্ধুদের পেয়ে একে অপরের জড়িয়ে ধরে স্মৃতিচারণে মেতে ওঠেন। কেউবা শৈশবের সেই প্রিয় শ্রেণিকক্ষ কিংবা খেলার মাঠ খুঁজে বেড়ান। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদানের পাশাপাশি এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।৯৫ ব্যাচের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং ড্যানিয়েল হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীরেন্দ্র নাথ সরকার।
বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষক মকলেছার রহমান চৌধুরী, খন্দকার রিয়াসত আলী, নিতাই রায়, আব্দুল জব্বার, সৈয়দ সাইফুল ইসলাম ও প্রদীপ চন্দ্র সরকার প্রমুখ।বক্তারা বলেন, "শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের অবদান চিরস্মরণীয়। এই পুনর্মিলনী শুধু আনন্দের জন্য নয়, বরং পুরনো বন্ধুদের সাথে দীর্ঘদিনের দূরত্ব ঘুচিয়ে একে অপরের সুখে-দুঃখে পাশে থাকার একটি নতুন প্ল্যাটফর্ম।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন