মো. ফরহাদ হোসেন
ডিসেম্বর ২৬, ২০২৫, ১০:১৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
শিশুদের মেধা বিকাশ ও গণিত ভীতি দূর করে দক্ষ করে গড়ে তোলার লক্ষে দিনাজপুরের বীরগঞ্জে ‘অ্যাবাকাস লার্নিং কেয়ার অ্যান্ড বীরগঞ্জ কিডস একাডেমি’র অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বীরগঞ্জ পৌর শহরের আদর্শপাড়ায় অবস্থিত প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাবেশে অ্যাবাকাস পদ্ধতির আধুনিক পাঠদান পদ্ধতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অভিভাবকদের বিস্তারিত অবহিত করা হয়। পরে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানের পরিচালক ও প্রশিক্ষক মাহবুব রহমান জানান, অ্যাবাকাস পদ্ধতির মাধ্যমে ক্যালকুলেটর ছাড়াই দ্রুত যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার কৌশল শেখানো হয়। এটি শিশুদের মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে এখানে ৪ থেকে ১৫ বছর বয়সীদের জন্য অ্যাবাকাস এবং ৩ থেকে ৬ বছর বয়সীদের জন্য বুনিয়াদি শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে অভিভাবক ইসানুর ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “বীরগঞ্জে বিজ্ঞানভিত্তিক ও আধুনিক এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ায় আমাদের সন্তানদের মানসম্মত শিক্ষা গ্রহণের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।” সমাবেশে শিক্ষিকা আজমা খাতুন পিংকিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।