শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:০১ পিএম

শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিক্ষোভ

ছবি-দিনাজপুর টিভি

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে দোয়া মাহফিল ও বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

সংগঠনটির সাবেক আহ্বায়ক একরামুল হক আবিরের নেতৃত্বে দিনাজপুর বাস টার্মিনাল জামে মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান বক্তা একরামুল হক আবির বলেন, শহীদ হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ রাজপথ ছাড়বে না। সমাবেশে আরও বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা মেহেদী হাসান সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, সংগঠক সুবর্ণ আবরার এবং জাতীয় নাগরিক পার্টির জেলা সাংগঠনিক সম্পাদক মিনহাজ জামান।

বক্তারা অবিলম্বে শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড রোধে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান তারা। কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জুলাই যোদ্ধা এবং বিপুল সংখ্যক সাধারণ জনতা অংশগ্রহণ করেন।