মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ২৭, ২০২৫, ০৩:১০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ঐতিহ্যবাহী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে অসহায় শীতার্ত, প্রতিবন্ধী ও অসচ্ছল নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর শহরের স্টেশন রোডস্থ আঞ্জুমান কার্যালয়ে এ সব কম্বল বিতরণ করা হয়।
আঞ্জুমান মুফিদুল ইসলাম দিনাজপুর জেলা শাখার সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক মো. মহশিনুল কালাম, নির্বাহী সদস্য মো. তারেক ইবনে নাসিম ও সিদ্দিকুর রহমান।
বক্তারা বলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম দীর্ঘকাল ধরে বেওয়ারিশ লাশ দাফনের পাশাপাশি অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করছে এই প্রতিষ্ঠান। শীতের এই তীব্রতায় শুধু সরকার নয়, সমাজের বিত্তশালী মানুষদেরও অসহায়দের পাশে দাঁড়ানো উচিত।
অনুষ্ঠানে অফিস সহকারী মো. শাহজাহান আলী ও দর্জি প্রশিক্ষক রুখশানা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাড়কাঁপানো শীতে কম্বল পেয়ে আঞ্জুমান মুফিদুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগী অসহায় মানুষগুলো।