শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে শিক্ষা অনুদান বিতরণ

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৫:০৭ পিএম

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে শিক্ষা অনুদান বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান তুলে দেন দিনাজপুরের জেলা প্রশাসক ও সমিতির প্রধান উপদেষ্টা মো. রফিকুল ইসলাম।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

মোট ১ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করেন এর মধ্যে ১১ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে এবং একজনকে ৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সন্তানদের সঠিকভাবে পরিচর্যা করতে প্রতিটি অভিভাবককে সচেতন হতে হবে। প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাঁরা দেশের সম্পদ। তাঁদের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী আমজাদ হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন কোষাধ্যক্ষ মো. ফসিউদ্দিন আহমেদ। এসময় কমিটির নির্বাহী সদস্য সেলিনা খাতুন, রওশন আরাসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসনাত রহমান।শিক্ষা অনুদান পেয়ে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।