শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,

দেশি ফলেই জীবনের লড়াই সিরাজ উদ্দীনের

মো. ফরহাদ হোসেন

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৫:২৫ পিএম

দেশি ফলেই জীবনের লড়াই সিরাজ উদ্দীনের

ছবি-দিনাজপুর টিভি

কনকনে শীত, ঘন কুয়াশা আর ব্যস্ত শহরের ভিড় সবকিছুর মাঝেই ফুটপাথে বসে আছেন এক বৃদ্ধ মানুষ। দোকান নেই, ছাউনিও নেই। মাটিতে পাতা পলিথিনের ওপর সাজানো তেতুল, জলপাই, আমরা, আমলকি আর বরই এই দেশি ফলই তাঁর জীবনের অবলম্বন।

শহিদ মিনার মোড়ে প্রতিদিন এভাবেই জীবনের সঙ্গে লড়াই করেন সিরাজ উদ্দীন।দিনাজপুরের কাহরোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বাসিন্দা সিরাজ উদ্দীন। 

বহু বছর ধরে প্রায় কম বেশী সারা বছর বিভিন্ন সিজনে বীরগঞ্জ পৌর শহরে ফল বিক্রি করেন। বর্তমানে তিনি তেঁতুল প্রতি কেজি ১০০, আমরা ৪০ টাকা কেজি দরে বিক্রি করছেন। 

খুচরা বিক্রির পাশাপাশি তিনি পাইকারি দরে ফল সরবরাহ করেন স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। আবার গ্রামে গ্রামে ঘুরে গাছ থেকে কিনে আনেন তেতুল, আমলকি ও বরই সহ অন্যান্য ফল।  শহরের বাজারে এনে সেগুলো বিক্রি করেই চলে তাঁর দিন।হাড় কাঁপানো শীত, শারীরিক কষ্ট কিংবা অনিশ্চিত আয় কোনোটাই তাঁর জীবনের লড়াই থামাতে পারেনি। প্রতিদিনের আয় দিয়েই চলে সংসার, চিকিৎসা আর বেঁচে থাকার হিসাব।

সিরাজ উদ্দীনের মতো মানুষেরা শহরের ব্যস্ত জীবনে প্রায় অদৃশ্য। অথচ তাঁদের ঘামেই সচল থাকে বাজার, পৌঁছে যায় দেশি ফল সাধারণ মানুষের হাতে।শহিদ মিনার মোড়ের সেই ফুটপাথে বসে থাকা সিরাজ উদ্দীন শুধু একজন ফল বিক্রেতা নন তিনি আমাদের সমাজের নীরব সংগ্রামের প্রতীক।