শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,

তীব্র শীত উপেক্ষা করে নদীতে জেলেদের জীবিকার লড়াই

মো: ফরহাদ হোসেন

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৬:০২ পিএম

তীব্র শীত উপেক্ষা করে নদীতে জেলেদের জীবিকার লড়াই

ছবি-দিনাজপুর টিভি

কুয়াশায় ঢাকা ভোর, হিমেল বাতাস আর বরফশীতল পানির মাঝেই জীবিকার সন্ধানে নেমে পড়ছেন জেলেরা। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীতে তীব্র শীত উপেক্ষা করে নদী ও ঘের দিয়ে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন জেলেরা।

 সরেজমিনে দেখা যায়, নদীর বিভিন্ন অংশে বাঁশ গাছ-গাছালি  ও জালের সাহায্যে ছোট ছোট ঘের তৈরি করে মাছ ধরা হচ্ছে। প্রতিটি ঘের থেকে গড়ে ৩থেকে ৭ কেজি পর্যন্ত বিভিন্ন প্রজাতির দেশি মাছ পাওয়া যাচ্ছে।

এর মধ্যে রয়েছে পুটি, টাকি, টেংরা, রুইসহ আরও নানা প্রজাতির স্বাদু পানির মাছ।স্থানীয় জেলেরা জানান, শীতের এই সময়টাতে নদীর পানি কমে যাওয়ায় মাছ ধরতে তুলনামূলক সুবিধা হয়।

তবে প্রচণ্ড ঠান্ডায় পানিতে নেমে কাজ করা অত্যন্ত কষ্টকর। অনেক সময় শরীর অবশ হয়ে আসে, তবুও সংসার চালানোর তাগিদে নদীতে নামতে হচ্ছে। স্থানীয় এক জেলে বলেন, শীত খুব বেশি, কিন্তু কাজ না করলে ঘরে চুলা জ্বলবে না। নদী ও মানুষের পুকুর খাল বিলে মাছ মেরে দিয়েই আমাদের সংসার চলে।

নদীকে ঘিরে এই মাছ শিকার শুধু জীবিকার উৎসই নয়, স্থানীয় বাজারে দেশি মাছের জোগানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নদী ও মৎস্য সম্পদ রক্ষায় টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতেও জেলেরা এই জীবিকা ধরে রাখতে পারেন বলে মনে করছে সংশ্লিষ্টরা।