শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত কয়েকজন

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ১২, ২০২৬, ১০:২৩ পিএম

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত কয়েকজন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় টলি ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে খালিদ (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার বিন্যাকুড়ি-বেলতলি সড়কের ক্লাব নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ চিরিরবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ও দৌলা ট্রেডার্সের স্বত্বাধিকারীর ছেলে। তিনি স্থানীয় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বিন্যাকুড়ি থেকে বেলতলি যাওয়ার পথে ক্লাব নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী টলির সঙ্গে খালিদকে বহনকারী ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

 এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং খালিদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইজিবাইকের আরও অন্তত দুইজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।দুর্ঘটনার পর ঘাতক টলিটির চালক পালিয়ে যেতে সক্ষম হয়। চিরিরবন্দর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে, মেধাবী ছাত্র খালিদের অকাল মৃত্যুতে আমেনা বাকী স্কুলসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। এলাকাবাসী বেপরোয়া টলি চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।