মো:মামুনুর রশিদ
ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:০৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোটে রাষ্ট্র সংস্কার ও আধিপত্যবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়ে দিনাজপুরে ব্যাপক প্রচারণা চালিয়েছে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।রোববার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে দিনাজপুর শহরে সংগঠন দুটির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। আয়োজকরা ব্যটারিচালিত চার্জার ভ্যানে চড়ে জুলাই বিপ্লবের শহীদদের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার প্রদর্শন করেন। এ সময় গানের তালে তালে ও মাইকিংয়ের মাধ্যমে সাধারণ জনগণকে আগামী ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার গুরুত্ব বুঝিয়ে বলা হয়।
প্রচারণা চলাকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “গণভোটের মাধ্যমে এ দেশের মানুষ তাদের প্রকৃত ম্যান্ডেট দেবে। একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পথে এই ‘হ্যাঁ’ ভোট হবে প্রথম পদক্ষেপ। আধিপত্যবাদের বিষদাঁত ভেঙে ইনসাফ কায়েম করতে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আয়োজকরা আরও জানান, শহীদানদের রক্তে অর্জিত এই স্বাধীনতাকে টেকসই করতে এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পথসভার মাধ্যমে শেষ হয়।