শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ধানের শীষ প্রতীকের প্রার্থী আখতারুজ্জামান মিয়া বেসরকারি ভাবে নির্বাচিত

এনামুল মবিন(সবুজ)

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০২:৫৫ পিএম

ধানের শীষ প্রতীকের প্রার্থী আখতারুজ্জামান মিয়া বেসরকারি ভাবে নির্বাচিত

ছবি-দিনাজপুর টিভি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীকে হারিয়ে তিনি পুনরায় এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হলেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে আখতারুজ্জামান মিয়া পেয়েছেন মোট ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা দাঁড়িয়ে পাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট। অর্থাৎ ৩৭ হাজার ৬৬১ ভোটের ব্যবধানে ধানের শীষের জয় নিশ্চিত হয়েছে।

১২৩টি ভোটকেন্দ্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ফলাফল ঘোষণার পরপরই চিরিরবন্দর ও খানসামা উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়েন বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা। বিভিন্ন স্থানে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় সমর্থকরা জানান, এই জয় জনগণের দীর্ঘদিনের আস্থার প্রতিফলন। তারা আশা করেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে আখতারুজ্জামান মিয়া এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন। স্থানীয়রা শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকারও প্রশংসা করেছেন।