বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

ভাষা শহীদদের স্মরণে পরিচ্ছন্নতা করলো বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১২:০৪ এএম

ভাষা শহীদদের স্মরণে পরিচ্ছন্নতা করলো বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা

শহীদ মিনার পরিষ্কার করছে বসুন্ধরা শুভসংঘ। ছবি-দিনাজপুর টিভি

আসন্ন মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দিনাজপুর সরকারি কলেজ শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে বসুন্ধরা শুভসংঘ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে সংগঠনের দিনাজপুর সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা ঝাড়ু, ব্রাশ ও পানি নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণ পরিষ্কার করার এই বিশেষ কর্মসূচিতে অংশ নেন।

শহীদ মিনার বাঙালির আত্মপরিচয়ের স্তম্ভ এবং জাতীয় গৌরবের প্রতীক। এই পবিত্র স্থানের মর্যাদা রক্ষা এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবেই শুভসংঘের বন্ধুরা পুরো এলাকা ধুয়ে-মুছে পরিপাটি করে তোলেন। 

পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, এটি অত্যন্ত প্রশংসনীয় ও সুন্দর একটি উদ্যোগ। ভাষা শহীদদের প্রতি এমন শ্রদ্ধা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ তৈরি করবে। তিনি এ ধরনের মানবিক ও সৃজনশীল কাজের জন্য বসুন্ধরা শুভসংঘকে আন্তরিক ধন্যবাদ জানান।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সংগঠনের উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাহতাবুল হক। বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফির নেতৃত্বে এতে আরও অংশগ্রহণ করেন দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি অরুপ কুমার রায়, সহসভাপতি শাহারিয়ার কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুন নাহার মুক্তা ও সোহাবুর রহমান। 

এছাড়াও ইভেন্ট সম্পাদক অপূর্ব রায়, সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রণিতা রায় পূর্ণিমা এবং সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ সংগঠনের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।শুভসংঘের সদস্যরা জানান, তারা ভাষা আন্দোলনের চেতনাকে শুধু স্মরণে নয়, বরং কর্মের মধ্য দিয়ে মানুষের মাঝে বাঁচিয়ে রাখতে চান। সামাজিক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি করতে সংগঠনটি নিয়মিত এমন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে থাকে।