ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০২:১৮ পিএম
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় দিনাজপুরের চিরিরবন্দরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে চিরিরবন্দর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।সংসদ সদস্যের শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে চিরিরবন্দর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও চিরিরবন্দর থানা পুলিশ।
এছাড়াও দশমাইল হাইওয়ে থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
চিরিরবন্দর প্রেসক্লাব, টিটিসি, আনসার ভিডিপি, পল্লী বিদ্যুৎ সমিতি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।দিবসটি উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চিরিরবন্দরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল কর্মসূচি সম্পন্ন হয়। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষার মর্যাদা অটুট রাখার প্রত্যয়ে দিনটি পালন করেন চিরিরবন্দরবাসী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন